
লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে জনবল নিয়োগের ফলাফল প্রকাশের পর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়নি এমন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন কয়েকজন প্রার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা। রোববার (৯ আগস্ট) রাতে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে আসে। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তাড়াশ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদত হোসেন মন্ডল এবং ছাত্রদলের সদস্য সচিব শাহাদত খন্দকারসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়ম করা হয়েছে। যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তারা।
তাদের দাবি, একই ব্যক্তিকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার দুই পদেই নির্বাচিত করার ঘটনাও ঘটেছে। এ কারণে পুরো নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অনিয়ম উদঘাটনের দাবি জানান বিক্ষোভকারীরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। পরে বিক্ষোভকারীরা তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সঙ্গে দেখা করে তাদের অভিযোগ মৌখিকভাবে জানান। অভিযোগের বিষয়ে তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাফিজুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে নিয়োগের ফলাফলে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ সঠিক নয়। যারা মৌখিক পরীক্ষা নিয়েছেন, তাদের দেওয়া ফলাফলের ভিত্তিতেই ফলাফল প্রকাশ করা হয়েছে। এ প্রক্রিয়ার সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা লিখিতভাবে দাখিল করতে হবে। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 


















