
লুৎফর রহমান,তাড়াশ প্রতিনিধি:
প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়ানো, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্যসম্পদ সমৃদ্ধ করার লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে ৫০ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজিব আহমেদ মাসুমের ব্যক্তিগত অর্থায়নে কর্মসূচিটির আয়োজন করা হয়। মাছের পোনা অবমুক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।
এ সময় ভিপি মো. আয়নুল হক বলেন, বাঙালির খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় মাছের গুরুত্ব অনেক। প্রাকৃতিক জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্ত করা হলে দেশীয় মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে। এতে মৎস্যজীবীদের জীবন-জীবিকাতেও ইতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগটি প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কর্মসূচিতে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. নাজিম উদ্দিন ফকির, তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শুকুর মির্জা ও মো. মিলন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সাইফুল খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
Reporter Name 


















