
সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুরে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত মোট ১৬৩ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। সংগঠনের সভাপতি এম. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।
এ সময় চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিন, এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন, ঘোড়শাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু হানিফ, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক আব্দুস সালাম বিএসসি, সংগঠনের সহসভাপতি আবু তালহা ও সাধারণ সম্পাদক লুকমিহান সরকারসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষাও দিতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিশুদের ভবিষ্যতে যোগ্য, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
Reporter Name 


















