
শফিউল আযম, পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল মাবুদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মো. আলামিন ওরফে মুন্না (৩৩) নামে আরও এক অভিযুক্ত পালিয়ে যায়। রোববার (৯ আগস্ট) ভোররাতে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আব্দুল মাবুদ কাশিপুর গ্রামের কোয়াজ আলীর ছেলে। অপরদিকে পলাতক আলামিন ওরফে মুন্না একই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে। ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শের আলমের নেতৃত্বে কাশিপুর গ্রামে অভিযান চালায়।
এ সময় আব্দুল মাবুদের বাড়ি ঘেরাও করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাত ২টার দিকে তার শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরোনো বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় একটি মামলা করেছেন। পলাতক আসামি আলামিন ওরফে মুন্নাকে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।
Reporter Name 


















