
পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া মডেল থানার অদূরে শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামের গেট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম সোহেল রানা। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার শম্ভুপুর মহল্লার মৃত খন্দকার আইনুল হকের ছেলে সোহেল রানার বিরুদ্ধে বেড়া মডেল থানায় দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর ভিত্তিতে শনিবার দুপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেলের নেতৃত্বে শম্ভুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে থানায় নেওয়ার পথে স্টেডিয়াম গেট এলাকায় পৌঁছালে সেখানে থাকা কয়েকজন কর্মী-সমর্থক পুলিশকে ঘিরে ধরেন। একপর্যায়ে তারা পুলিশের কাজে বাধা দিয়ে সোহেল রানাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর স্থানীয় কয়েকজন ব্যক্তি পুলিশের কাজে বাধা দিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। ওসি আরও জানান, পলাতক সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 


















