
মান্নান শেখ, সিরাজগঞ্জ (বেলকুচি) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নম্বর ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটার।শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় ভোটারদের কাছে নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন এবং তাদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।গণসংযোগকালে জাহাঙ্গীর আলম জুপিটার বলেন, নির্বাচিত হলে ভাঙ্গাবাড়ী ইউনিয়নকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি নিরাপদ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, জনগণের সমর্থন ও দলের সহযোগিতায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে ভাঙ্গাবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। জাহাঙ্গীর আলম জুপিটার আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে ছিলেন। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যেতে চান। তিনি বলেন, রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসাসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সেবা সহজে ও দ্রুততার সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
Reporter Name 


















