
সলঙ্গা প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর সলঙ্গা বাজারের হাজী ইসহাক আলী মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি ফারুক আহমেদ। পরে সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টুর সঞ্চালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন।
সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং সাংবাদিকদের বাৎসরিক ভ্রমণ আয়োজন নিয়ে আলোচনা করেন। সভাপতির বক্তব্যে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলী বলেন, সলঙ্গার পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গড়ে ওঠা এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার নানা দিক গণমাধ্যমে তুলে ধরতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সমাজের অন্যায়-অবিচার, দুর্নীতি, উন্নয়ন কার্যক্রম এবং অবহেলিত মানুষের কথা জাতির সামনে তুলে ধরতেও সংগঠনের সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।
তিনি আরও বলেন, অপসাংবাদিকতার কারণে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এর ফলে প্রকৃত পেশাদার সাংবাদিকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সাংবাদিকরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
Reporter Name 















