
নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌরসভার পল্লী বিদ্যুৎ মোড় থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা আমীর মো. আলী মর্তুজার সভাপতিত্বে ও সেক্রেটারি এস এম মুনসুর আলীর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান, রায়গঞ্জ উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা জাকারিয়া হোসেন, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম ও গোলাম আজম, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিস রায়গঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, জামায়াতের যুব বিভাগের সভাপতি সুমন আহমেদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ রানা, এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির সভাপতি আশিকুর রহমান, পৌর জামায়াতের আমীর আলহাজ হোসেন আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে তারা অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবি জানান। বক্তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Reporter Name 














