
রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুরে বিষাক্ত মদপানে ইতোমধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রেকটিফাইড স্পিরিট বিক্রির অভিযোগে কারাগারে থাকা মাদক কারবারি জয়নুল আবেদিন (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
নিহত জয়নুল আবেদিন রংপুরের বদরগঞ্জ উপজেলার কিশামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। বিষাক্ত রেকটিফাইড স্পিরিট বিক্রির অভিযোগে গত সোমবার (১২ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিত চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জয়নুল আবেদিনের বিরুদ্ধে মাদক ও হত্যা সংক্রান্ত মামলা ছিল। মঙ্গলবার বিকেলে বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে রেকটিফাইড স্পিরিট পানে রংপুরে মৃত্যুর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে শ্যামপুর বাজার এলাকায় রাশেদুল ইসলাম ও আব্দুল মালেক নামে দুজন মারা যান। এর আগে একই দিন সকালে মানিক চন্দ্র রায় (৬০) মৃত্যুবরণ করেন। তিনজনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Reporter Name 























