
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের পাশে সিএনজি চালিত অটোরিকশা রাখার সুযোগ দেওয়ার কথা বলে চালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে মো. ফিরোজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফিরোজ উদ্দিন চান্দাইকোনা ইউনিয়নের তাতবাড়ী গ্রামের মৃত ছাইফ উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দাইকোনা পশুর হাটের সামনে মহাসড়কের পাশে সিএনজি চালিত অটোরিকশা রেখে যাত্রী ওঠানামা করেন চালকেরা। অভিযোগ রয়েছে, হাটের দিন সেখানে গাড়ি রাখার ব্যবস্থা ঠিক রাখার কথা বলে প্রতিটি সিএনজি চালকের কাছ থেকে ১০ টাকা করে আদায় করা হতো।
এভাবে টাকা আদায় ও হয়রানি বন্ধের দাবিতে কয়েকজন চালক রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে এক ভুক্তভোগী চালক বাদী হয়ে থানায় মামলা করেন। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, চালকদের অভিযোগের পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ফিরোজ উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আহসানুজ্জামান বলেন, মামলার পর অভিযান চালিয়ে ফিরোজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Reporter Name 














