
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিয়া ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া ইসলাম হাটিকুমরুল গ্রামের বাসিন্দা বাবুল আক্তারের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা হাটিকুমরুল থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশাটির অ্যাক্সেল বিকল হয়ে যায়। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে সিএনজিতে থাকা চার যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাদিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়। এছাড়া সিএনজিচালককেও ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 








