
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে একই রাতে পৃথক দুটি বাড়ির গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে চোর আতঙ্ক দেখা দিয়েছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল বাগিচা গোয়ালপাড়া ও আদিত্য বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জামতৈল বাগিচা গোয়ালপাড়ায় নাকাটি বাজারসংলগ্ন শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি গাভী ও দুটি বকনা গরু চুরি হয়। এ সময় গরুগুলো গাড়িতে তোলার বিষয়টি টের পেয়ে শরিফুল চিৎকার করলে চোরেরা দ্রুত পালিয়ে যায়।
অন্যদিকে, আদিত্য বাড়িয়া এলাকার দিনমজুর তরিফুল ইসলামের গোয়ালঘর থেকেও একই রাতে একটি ষাঁড়, একটি বকনা ও একটি গাভী চুরি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে তিনি বিষয়টি জানতে পারেন। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি। একই রাতে কাছাকাছি এলাকায় দুটি বাড়ি থেকে ছয়টি গরু চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রাতের বেলায় গোয়ালঘরের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক ও গৃহস্থরা। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আহসানুজ্জামান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 














