
নিজস্ব প্রতিবেদক:
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও চাহিদা বিবেচনায় রেখে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমান-এর টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ কার্যক্রম ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ঘোষিত প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের প্রয়োজনীয় ব্যয় পরিশোধ করা হয়েছে। সৌদি সময়সূচি অনুযায়ী ভিসাসহ সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে, যা হজ কার্যক্রমের মূল ধাপের সূচনা করবে।
সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যৎ হজ প্যাকেজে ব্যয় কমানোর উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ হজযাত্রীদের জন্য তা স্বস্তি বয়ে আনবে।
Reporter Name 











