
আব্দুল আলিম বেলকুচি প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কুচকাওয়াজ, নৃত্য পরিবেশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ ও ব্যাজ পরিয়ে দেন। পরে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান।
২৬ জানুয়ারি সোমবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামাই গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব ফজলার রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর মো. রফিকুল ইসলাম, প্রফেসর মো. জাহিদ হাসান দিপুল, আলহাজ্ব মো. সামসুল হক খান, আলহাজ্ব মো. রুহুল আমিন মন্টু, আলহাজ্ব মো. সোলায়মান হোসেন মোল্লা, আলহাজ্ব আব্দুল আজিজ সরকার, আলহাজ্ব আব্দুল মজিদ বাবলু ফকির, তামাই অগ্রণী সংসদ ক্লাবের সভাপতি মো. আব্দুল্লাহ মোল্লা ও ইউপি সদস্য মো. শাহ আলম মণ্ডল।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ সরকার। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রফেসর ড. মো. মাসুদ রানা খান।
Reporter Name 





















