
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ইয়াকুব আলী তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে শামীম হোসেন তালুকদার নির্বাচিত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ধানঘরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে পাঁচটি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ইয়াকুব আলী তালুকদার ১৮৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান পান ১৭১ ভোট। এ ছাড়া খ. ম. আবুল কালাম আজাদ ১৪৯ এবং মুহাম্মদ আব্দুল মুকিত ৩৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে শামীম হোসেন তালুকদার ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আসাদুল আলম পেয়েছেন ২৫৬ ভোট।
অতিরিক্ত সম্পাদক পদে আব্দুর রউফ সরকার (বকুল) ৩০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অর্থ সম্পাদক পদে ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক সরকার। যুগ্ম দপ্তর সম্পাদক পদে ৩৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন আল মাহমুদ সেখ। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান সেখ। ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এর আগে সকাল ১১টায় ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে নির্বাচিত পাঁচটি পদে ভোটগ্রহণ করা হয়।
Reporter Name 









