
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মাছুমপুর ক্রীড়া চক্রের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে “সুবর্ণজয়ন্তী উৎসব–২০২৬” উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা এবং বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাছুমপুর ক্রীড়া চক্রের আয়োজনে শহরের বাজার স্টেশন এলাকায় অবস্থিত ক্লাব কার্যালয় থেকে অংশগ্রহণকারীদের মাঝে হলুদ রঙের টি-শার্ট ও ক্যাপ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, বিএনপি নেতা জুয়েল রানা প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাছুমপুর ক্রীড়া চক্রের সভাপতি আলহাজ্ব মো. মহসীন আহমেদ। আনন্দ শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজ আলম বাচ্চু।
দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসবে অংশগ্রহণ করেন ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, তাদের পরিবার, শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী, শুভাকাঙ্ক্ষী ও সুধীজনেরা। দীর্ঘদিন পর একত্রিত হয়ে কুশল বিনিময় ও মিলনমেলায় অংশ নিয়ে সবাই উৎসবের আনন্দে মেতে ওঠেন। উদ্বোধনী দিনে প্রীতি ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরদিন শনিবার আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে মাছুমপুর ক্রীড়া চক্রের সহ-সভাপতি, সাধারণ সম্পাদকমণ্ডলী, সাংগঠনিক ও সাংস্কৃতিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। সবমিলিয়ে ঐতিহাসিক এই সুবর্ণজয়ন্তী উৎসব এক জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।
Reporter Name 






















