
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সালথা উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ এবং জনভোগান্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার তদন্ত ওসি কে এম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি সচিবরা।
সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যুবসমাজকে মাদকের প্রভাব থেকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
এছাড়া অনানুষ্ঠানিক আলোচনায় উপজেলার বিভিন্ন ভ্যানস্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ উঠে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দাবি করেন, প্রতিদিন জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সচেতন মহলের মতে, সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়ন হলে মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি চাঁদাবাজি বন্ধেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
Reporter Name 
























