
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. সামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম সরকার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. রশিদ আল মামুন খান, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা এবং রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামানসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুরক্ষা এবং প্রাকৃতিক প্রজননক্ষেত্র রক্ষায় গুরুত্ব দিতে হবে। পরে মৎস্যচাষে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহমূলক পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Reporter Name 









