
স্টাফ রিপোর্টার :
ভারতের সঙ্গে করা ১০টি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত রোববার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি এ তথ্য জানান। ফটোকার্ডে লেখা ছিল— “হাসিনাসরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।” বাতিল হওয়া প্রকল্প ও চুক্তির মধ্যে রয়েছে— ত্রিপুরা-চট্টগ্রাম রেল
সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা আইইজেড) এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি
জিআরএসইর সঙ্গে টাগবোট ক্রয় চুক্তি। এছাড়া কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্পও স্থগিতের তালিকায় রয়েছে। তবে আদানি পাওয়ারের বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনার আওতাধীন এবং গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন বা পুনর্বিবেচনা প্রক্রিয়ায় আছে বলে জানা গেছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের বিষয়েও আলোচনা চলছে বলে উল্লেখ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
অন্যদিকে, ভারতের সঙ্গে করা ১০টি প্রকল্প ও চুক্তি বাংলাদেশের পক্ষ থেকে বাতিলের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। তারা জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি। চুক্তি বাতিলের প্রেক্ষাপট সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।
সোমবার (২০ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আজ এ বিষয়ে আমি কোনো কথা বলবো না।” উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় দুই দেশের মধ্যে একাধিক চুক্তি ও প্রকল্প স্বাক্ষরিত হলেও, সরকার পরিবর্তনের পর এসব চুক্তির পূর্ণাঙ্গ তালিকা এখনো সরকারি ওয়েবসাইট বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
Reporter Name 


















