
শফিউল আযম, বিশেষ প্রতিবেদক:
এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ায় পূবালী ব্যাংক পিএলসি, বেড়া শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং ‘ক্যাশলেস বেড়া বাজার’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর ১২টায় ফকির প্লাজায় অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি, বেড়া শাখা থেকে বাদ্যযন্ত্রসহ একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বেড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাদের ডাক্তারের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে নগদহীন লেনদেন জনপ্রিয় করতে ‘ক্যাশলেস বেড়া বাজার’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি, বেড়া শাখার ব্যবস্থাপক মো. রুবেল আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির রিজিওনাল ম্যানেজার মো. সাজিদুর রহমান এবং রাজশাহী ডিভিশনের আঞ্চলিক শাখার সহকারী মো. আবু জাফর রকিবুল্লাহ। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজন অংশ নেন। বক্তারা ডিজিটাল ও নিরাপদ লেনদেন সম্প্রসারণে বাংলা কিউআর ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং ব্যবসায়ী ও গ্রাহকদের এ সেবার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে বিনামূল্যে বাংলা কিউআর কোড, পস (POS) মেশিন ও ডেবিট কার্ড বিতরণ করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ সচেতনতামূলক কর্মসূচি দুই দিনব্যাপী চলবে।
Reporter Name 


















