
মান্নান শেখ, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন তহবিল এবং বিভিন্ন সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে অনুদান সামগ্রী, নগদ অর্থের চেক, খাদ্যশস্য (চাল), শিক্ষা উপকরণ, হুইলচেয়ার, সোলার প্যানেল, ভ্যান, নলকূপ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলিম)। অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৩টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য মোট ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্পিকারের পক্ষ থেকে ৬১ জন উপকারভোগীর মধ্যে মোট ১৮ লাখ ৩ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
সমাজকল্যাণ অধিদপ্তরের মাধ্যমে ২০ জন অসহায়, অসুস্থ ও দুস্থ ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। পাশাপাশি নিহত ও দরিদ্র ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২১টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৬টি সোলার প্যানেল, চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ৩০০টি স্কুলব্যাগ, কর্মক্ষম প্রতিবন্ধী ও অসচ্ছল বেকার যুবকদের জন্য ৬টি ভ্যানসহ দোকান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০ জোড়া এডিপি বেঞ্চ ও ১০০ জোড়া রাজস্ব খাতের বেঞ্চ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও ২০ জন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১২০টি সিলিং ফ্যান, উপজেলার বিভিন্ন এলাকায় ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং দরিদ্র ও অসহায় পরিবারের জন্য ৫০টি নলকূপ বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধাভোগীদের হাতে অনুদান সামগ্রী ও আর্থিক সহায়তার চেক তুলে দেন।
Reporter Name 

















