
লুৎফর রহমান,তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তানিয়া ইসলাম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। নিহত তানিয়া ইসলাম উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরহাব আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মো. শাহ পরানের সঙ্গে প্রেমের সম্পর্কের পর তানিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা বিষমডাঙ্গা গ্রামেই বসবাস করছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে স্বামী-স্ত্রী নিজেদের শয়নকক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে তানিয়াকে কক্ষের ভেতরে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, তানিয়াকে হত্যা করে তার স্বামী শাহ পরান পালিয়ে গেছেন। তবে কী কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Reporter Name 















