
শফিউল আযম, বিশেষ প্রতিবেদক:
পাবনার বেড়া উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। শিক্ষার্থীদের মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশটি গত ২৬ জুলাই জারি করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম শোকজ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় গত ৩০ জুনের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পাঠে দক্ষতা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের চারটি মৌলিক নিয়ম যোগ, বিয়োগ, গুণ ও ভাগ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাবলীল ইংরেজি পাঠ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে সেই লক্ষ্য পূরণ না হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, একাধিক নির্দেশনা ও নিয়মিত তদারকির পরও প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি দায়িত্বশীল সূত্র জানায়, শিক্ষার্থীদের মৌলিক শিখন দক্ষতা নিশ্চিত করতে সরকার এফএলএন কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোকজপ্রাপ্ত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে রূপগঞ্জ, আকনাই, কোমরপুর, শ্যামপুর, চর নতিবপুর, পুরান মাসুমদিয়া, নতুন মীরপুর, রতনগঞ্জ, ঢালারচর, খাস ঢালারচর, রামনারায়ণপুর, মাসুমদিয়া কাজীপাড়া, মহিষাখোলা, দুর্গাপুর, সিন্দুরিয়াসহ উপজেলার মোট ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Reporter Name 

















