
সাজ্জাদ হোসেন, সালথা ফরিদপুর প্রতিনিধি :
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আজ (১ ফেব্রুয়ারি)। ১৯৫২ সালের এই দিনে তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভাগদী গ্রামে জন্মগ্রহণ করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দেশের শীর্ষস্থানীয় একাধিক জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালেই সাংবাদিকতায় তাঁর পথচলা শুরু। সে সময় মুজিবনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘উত্তাল পদ্মা’ পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন তিনি।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। স্বায়ত্তশাসনের আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর বাম ধারার রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
পেশাদার সাংবাদিক হিসেবে আবু সাঈদ খান দৈনিক মানবজমিনের সহকারী সম্পাদক, দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি প্রতিদিনের সংবাদ ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক হিসেবেও কাজ করেছেন। টেলিভিশন টকশোতেও তিনি একজন পরিচিত ও আলোচিত ব্যক্তিত্ব।
মুক্তিযুদ্ধ, সমাজ ও রাজনীতি নিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ২০টি। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ফিরে দেখা একাত্তর, সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা, মুক্তির সংগ্রামে ফরিদপুর, স্লোগানে স্লোগানে রাজনীতি, উপেক্ষিত মুক্তিযুদ্ধ উপেক্ষিত জনগণ এবং বোবা পাহাড়ের কান্না।
শিক্ষা বিস্তারে তাঁর অবদানও প্রশংসনীয়। নিজ গ্রামে তিনি বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় এবং বিভাগদী রিজিয়া রশীদ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
Reporter Name 





















