
মোঃ আখতার হোসেন হিরনঃ
পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন সিরাজগঞ্জের সলঙ্গার যুবক আরিফুল ইসলাম (৩৫)। অটোভ্যান ও মিশু গাড়ির বডি তৈরির কারখানা গড়ে তিনি আজ সফল উদ্যোক্তা।
সলঙ্গা উপজেলার চড়িয়া উজির পশ্চিমপাড়ায়, হাটিকুমরুল-সলঙ্গা আঞ্চলিক সড়কের পাশে গড়ে উঠেছে আরিফুল ইসলামের বডি তৈরির কারখানা। বর্তমানে সেখানে তিনজন শ্রমিক কাজ করছেন, যারা নিজ নিজ পরিবারে এনেছেন আর্থিক স্বচ্ছলতা।
আরিফুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই তিনি চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করার স্বপ্ন দেখতেন। তবে আর্থিক সংকটের কারণে পঞ্চম শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু দৃঢ় মনোবল ও পরিশ্রমের মাধ্যমে ২০১৫ সালে তিনি ছোট আকারে কারখানাটি প্রতিষ্ঠা করেন। শুরুতে তৈরি হতো পা-চালিত ভ্যানের বডি, পরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে অটোভ্যান ও মিশু গাড়ির বডি তৈরি শুরু করেন।
আরিফুলের বাবা আব্দুস ছালাম ছিলেন স্বল্প আয়ের মানুষ। বাবার কাছ থেকে অল্প পুঁজি নিয়ে শুরু করা এই কারখানাই আজ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। বর্তমানে প্রতি মাসে কারখানায় ২০ থেকে ২৫টি মিশু গাড়ির বডি তৈরি হয়। গুণগত মান ও নান্দনিক নকশার কারণে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসে বডি তৈরি করান।
কারখানায় বর্তমানে ৩ থেকে ৪ জন শ্রমিক কাজ করেন। কেউ বডি ফিটিং করছেন, কেউ রং ও ডিজাইনে ব্যস্ত সময় পার করছেন। প্রতি মাসে বিক্রির আয় থেকে খরচ বাদে আরিফুলের হাতে থাকে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা।
শ্রমিক মোতালেব হোসেন জানান, তিনি ৫-৬ বছর ধরে এই কারখানায় কাজ করছেন এবং প্রতি মাসে ১৫-২০ হাজার টাকা আয় করেন। এ আয়ে তার সংসার ও সন্তানদের পড়াশোনা নির্বিঘ্নে চলছে। আরেক শ্রমিক সবুজ বলেন, আগে তিনি বেকার ছিলেন, এখন এই কাজের আয়ে স্বচ্ছল জীবনযাপন করছেন।
আরিফুল ইসলাম বলেন, “যদি স্বল্পসুদে ঋণ বা সরকারি সহায়তা পেতাম, তাহলে আরও শ্রমিক নিয়োগ দিয়ে কারখানার পরিসর বাড়াতে পারতাম।”
Reporter Name 


















