
শফিউল আযম, বিশেষ প্রতিবেদক
পাবনার সুজানগর উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, বুধবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচকে কেন্দ্র করে এলাকায় মানুষের সমাগম ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই সুযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মিছিল বা নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে দুটি গাড়িতে করে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। পুলিশের দাবি, টহল দলের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। পরে শতাধিক ব্যক্তি লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। হামলার সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই সদস্য আহত হন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন। তবে পুলিশের এ অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। তিনি বলেন, পুলিশের অভিযানের কারণে তিনি এলাকায় অবস্থানই করতে পারেন না। তার দাবি, খেলা শেষে কয়েকজন স্থানীয় যুবক খিচুড়ি রান্না করছিলেন। পুলিশ কয়েকজনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই পুলিশ সদস্য আহত হন। পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, হামলার ঘটনায় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Reporter Name 


















