
সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরকে উপজেলা হিসেবে ঘোষণার দাবিতে আবারও সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ভৌগোলিক বাস্তবতা, জনসংখ্যা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এনায়েতপুরকে দ্রুত উপজেলা ঘোষণা করা প্রয়োজন। এ বিষয়ে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিমের কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন তারা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক বিভিন্ন সেবা গ্রহণের জন্য এখনো যমুনা নদী পাড়ি দিয়ে উপজেলা সদর কিংবা জেলা শহরে যেতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম—সব দিক থেকেই সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সেবাপ্রত্যাশী মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। এলাকাবাসীর মতে, এনায়েতপুর দীর্ঘদিন ধরেই উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে পরিচিত। এখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটেছে। ফলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এনায়েতপুরকে উপজেলা ঘোষণা সময়োপযোগী সিদ্ধান্ত হবে।
এনায়েতপুরে রয়েছে একটি থানা, দেশের অন্যতম বৃহৎ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, যেখানে প্রতিদিন হাজারো রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, বেতিল স্কুল অ্যান্ড কলেজ, খামারগ্রাম ডিগ্রি কলেজ, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মৎস্য ইনস্টিটিউট, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা ও কারিগরি প্রতিষ্ঠান এ অঞ্চলের গুরুত্ব আরও বৃদ্ধি করেছে। স্থানীয়দের ভাষ্য, এতসব গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও উপজেলা না হওয়ায় প্রয়োজনীয় প্রশাসনিক সেবা পেতে দূরবর্তী স্থানে যেতে হয়। এতে জনগণের সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডও কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবেন এবং এনায়েতপুরকে উপজেলা ঘোষণার উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন। তাদের বিশ্বাস, এনায়েতপুর উপজেলা হিসেবে স্বীকৃতি পেলে প্রশাসনিক সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
Reporter Name 



















