
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪১ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং ঝরে পড়া রোধে এ উদ্যোগ গ্রহণ করা হয়। শনিবার (২৭ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য মো. আয়নুল হক বলেন, শিক্ষার পথে যাতায়াত কোনো শিক্ষার্থীর জন্য বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, এখন থেকে দূরের বিদ্যালয়ে যাতায়াত অনেক সহজ হবে এবং তাদের সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে।
Reporter Name 


















