
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পর্যায়ের ‘নতুন কুঁড়ি’ ক্রিকেট প্রতিযোগিতায় উল্লাপাড়া উপজেলাকে ৭ রানে পরাজিত করেছে রায়গঞ্জ উপজেলা দল। শনিবার (২ মে) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ডি.কে.এস উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতে ১০ ওভারের খেলা নির্ধারিত থাকলেও বৃষ্টির কারণে তা কমিয়ে ৬ ওভারে সীমিত করা হয়।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রায়গঞ্জ উপজেলা দল। নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৫ রানের সংগ্রহ করেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উল্লাপাড়া উপজেলা দলও শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যায়। তবে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রানে থেমে যায়। ফলে ৭ রানের ব্যবধানে রোমাঞ্চকর জয় তুলে নেয় স্বাগতিক রায়গঞ্জ উপজেলা দল। ম্যাচ শেষে অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো খেলার উৎসাহ দেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রতিযোগিতাকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও উৎসাহে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন
Reporter Name 


















