
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি মসজিদের পুকুরে বিষ প্রয়োগ ও জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির দুই নেতার বিরুদ্ধে। ঘটনাটি শনিবার (১৮ এপ্রিল) উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী জামে মসজিদের পুকুরে ঘটে।
এ ঘটনায় গাবরগাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. আলতাফ হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, তালম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং তালম ইউনিয়ন তাঁতিদলের সভাপতি মো. এনামুল হক।
অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের ওই পুকুরের আয়ে ইমাম-মুয়াজ্জিনের বেতনসহ বিভিন্ন ধর্মীয় ব্যয় নির্বাহ করা হয়। তবে পুকুরের মালিকানা নিয়ে বিরোধের জেরে শুক্রবার গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হয়। পরদিন ভোরে অভিযুক্তদের নেতৃত্বে ১৫-১৮ জনের একটি দল জোরপূর্বক পুকুর থেকে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। এ সময় বাধা দিলে মসজিদ কমিটির সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।
অভিযুক্ত আব্দুর রাজ্জাক অভিযোগ অস্বীকার করে বলেন, পুকুরের পানিতে গ্যাস হয়েছিল, গ্রামের মানুষই মাছ ধরেছে।এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 









