
আবুল হোসেন, স্টাফ রিপোর্টার:
এসো হে বৈশাখ, এসো এসো,বাঙালির চিরায়ত এই আহ্বানকে হৃদয়ে ধারণ করে বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করতে এক অনন্য উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধানগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। ভোরের প্রথম আলো ফোটার আগেই বিদ্যালয় প্রাঙ্গণে ছুটে আসে শিক্ষার্থীরা। নতুন বছরের আনন্দে উদ্বেলিত কোমলমতি মেয়েরা যেন এক বাঁধভাঙা জোয়ারের মতো মিলিত হয় প্রাণের উৎসবে। তাদের পরনে ছিল বাসন্তী রঙের শাড়ি, হাতে রঙিন রুমাল যা পুরো পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সুনিপুণ আয়োজন ও আন্তরিক তত্ত্বাবধানে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় পহেলা বৈশাখ।
গ্রামীণ ঐতিহ্যের আবহে সাজানো হয় বিশেষ খাবারের আয়োজন, যেখানে পরিবেশন করা হয় পান্তাভাত, কাঁচা মরিচ, পেঁয়াজ, মাছ ভাজি ও নানা স্বাদের ভর্তা। ঐতিহ্যবাহী এই খাবার যেন বাঙালির শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মের এক সেতুবন্ধন তৈরি করে। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে আয়োজনকে আরও সমৃদ্ধ করেন। তাদের উপস্থিতিতে নববর্ষের এই আয়োজন রূপ নেয় এক প্রাণের মিলনমেলায়। উপস্থিত অতিথিরা বলেন, এমন আয়োজন শুধু আনন্দই নয়, বরং বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়কে নতুন প্রজন্মের মাঝে জাগ্রত করার এক মহৎ প্রয়াস। ধানগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
Reporter Name 









