
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাহেবগঞ্জ এলাকায় র্যাব-১২ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়। র্যাব সূত্রে জানা যায়, বুধবার (৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্র্যান তেল জব্দ করা হয়।
অভিযানে পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ২০(১)(ক) ধারায় থানার নলকা ইউনিয়নপর দাদপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে জাহাঙ্গীর আলাম (২২) এবং বাশিদেবপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে মোঃ ইউনূস আলী (২১)-কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। র্যাব-১২ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 









