
ক্রীড়া প্রতিবেদক:
জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর বর্তমান পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-কেও ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, নবগঠিত অ্যাডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে। একই সঙ্গে এই সময়ে ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতা ভোগ করবে তারা।
এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান জানান, সংস্থার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমান বোর্ড গঠনের নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য দুর্বলতা ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
তবে অ্যাডহক কমিটির সদস্যরা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন কি না এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, বিসিবির গঠনতন্ত্রে এ বিষয়ে স্পষ্ট বিধান না থাকায় তাদের অংশগ্রহণের সুযোগ থাকতে পারে।
সংশ্লিষ্ট মহলের মতে, এ সিদ্ধান্তের মাধ্যমে ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের একটি নতুন প্রক্রিয়া শুরু হতে পারে।
Reporter Name 


















