
স্বদেশের খবর ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কারবালা শহরে ঈদের নামাজ আদায় করতে হাজারো শিয়া মুসল্লির সমাগম ঘটেছে। রমজান মাসের সমাপ্তিতে এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে বিপুল জনসমাগম দেখা যায়। শনিবার (২১ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বাইন আল-হারামাইন স্কয়ার-এ। এখানে হাজার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। স্থানটি ইমাম হোসেন (আ.) এবং হজরত আবুল ফজল আল-আব্বাস (আ.)-এর পবিত্র মাজারের মাঝখানে অবস্থিত হওয়ায় এর ধর্মীয় গুরুত্ব অত্যন্ত বেশি।
ঈদের খুতবায় কারবালার শীর্ষ ধর্মীয় নেতা শেখ আহমদ আল-সাফি সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত ও হামলার নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ইরাক-এর এই পবিত্র নগরী শিয়া মুসলমানদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। প্রতি বছর ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এখানে লাখো মানুষের সমাগম ঘটে, যা মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় জমায়েত হিসেবে বিবেচিত।
Reporter Name 


















