
সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বিএনপির প্রবীণ নেতা মোঃ আছাদ মাতুব্বর। পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে অর্জিত তাকওয়া মানুষের জীবনকে করে আরও আলোকিত। এই মহিমান্বিত দিনটি মানুষের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত নয় এটি সামষ্টিক। ধনী-গরিব, শহর-গ্রাম নির্বিশেষে সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে এই উৎসবের উচ্ছ্বাস। নাড়ির টানে মানুষ শহর ছেড়ে গ্রামে ফিরে আসে আপনজনদের কাছে, সৃষ্টি হয় হৃদ্যতাপূর্ণ মিলনমেলা। আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে গড়ে ওঠে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন।
আছাদ মাতুব্বর বলেন, ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্যের চেতনা জাগ্রত করে। এই উৎসবের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, মানবিকতা ও সহানুভূতির মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে শহর, দেশ থেকে প্রবাসে বিশ্বের প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক শান্তি ও কল্যাণ। তিনি দেশের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।
Reporter Name 









