
সজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সময় উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার। তিনি নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের বিভেদ বা সংঘাতে জড়ানোর সুযোগ নেই। মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের অগ্রগতির জন্য সবাইকে দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। ঝগড়া-বিবাদ নয়, বরং মানুষের কল্যাণে কাজ করলেই উন্নয়ন সম্ভব।
প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে। প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনার জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, চলমান সংকটের স্থায়ী সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। স্থানীয় উন্নয়ন নিয়ে তিনি বলেন, সংসদে গেলে তিনি সালথা-নগরকান্দার মানুষের প্রতিনিধিত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। এলাকার উন্নয়নে একটি গার্লস স্কুল ও নতুন একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।
সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে তিনি ফ্যামিলি কার্ড চালু, নারীর ক্ষমতায়ন, কৃষকদের ঋণ সহায়তা এবং খাল খনন কার্যক্রমের কথা উল্লেখ করেন। এছাড়া ঈদের পর কৃষক কার্ড বিতরণের কথাও জানান তিনি।
প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, জনগণের আস্থা রক্ষা করাই তার প্রধান দায়িত্ব।
অনুষ্ঠানে রাজনীতিবিদ ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটি স্থানীয় রাজনীতিতে ঐক্য ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।
Reporter Name 









