
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক রোজাদার অংশগ্রহণ করেন।
বুধবার (১২ মার্চ) উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়গাঁও, রঘুকদমা ও হাতিয়ানদিঘী এলাকার যুবকদের উদ্যোগে এ আয়োজন করা হয়। এটি ছিল স্থানীয় যুবসমাজের ধারাবাহিক উদ্যোগের ১৪তম আয়োজন।
আয়োজকরা জানান, প্রায় দুই হাজার রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। এলাকার প্রায় শতাধিক যুবক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ আয়োজন সফলভাবে সম্পন্ন করেন।
ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রমজানের তাৎপর্য, যুবসমাজের করণীয়, লাইলাতুল কদরের গুরুত্ব এবং সদকাতুল ফিতরসহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে বক্তব্য দেন স্থানীয় আলেম-ওলামারা।
এ সময় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন আয়েশ বশিরুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম। ইফতার কার্যক্রম পরিচালনায় শাকিল আহমেদ, জুয়েল রানা, শবরুল ইসলাম, মাহাবুবুর রহমান, ফোরকান আলী, রাজু আহমেদ, নাসিম উদ্দিন, আব্দুল কাদের, ফিরোজ আহমেদসহ প্রায় শতাধিক যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
Reporter Name 









