
লুৎফর রহমান, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে মঙ্গলবাড়ীয়া বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ পৌর জামায়াতের সহ-সভাপতি হাফেজ মাওলানা আলতাফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শায়েখ প্রফেসর ড. মাওলানা আব্দুস সামাদ। তিনি রমজানের গুরুত্ব ও ফজিলত তুলে ধরে বলেন, রোজা মানুষকে আত্মসংযম, তাকওয়া ও মানবিকতার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা রোজার বিশেষ মর্যাদা দিয়েছেন এবং এর প্রতিদান তিনি নিজেই প্রদান করবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর খ. ম. সাকলাইন ও তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব। এছাড়াও বক্তব্য দেন আরগাইল দাখিল মাদরাসার সুপার মাওলানা জহুরুল ইসলাম, পৌর জামায়াতের প্রচার সম্পাদক লুৎফর রহমান, বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান এবং পৌর যুব জামায়াতের সেক্রেটারি ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবু তালহা। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া এবং সম্মিলিত ইফতারের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
Reporter Name 









