
লুৎফর রহমান তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (৯ মার্চ) বিকেলে তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খ. ম. সাকলাইন। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শায়েখ প্রফেসর ড. মাওলানা আব্দুস সামাদ। তিনি রমজানের ফজিলত ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদত-বন্দেগি করার প্রতি তিনি মুসল্লিদের আহ্বান জানান। তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন রোজা আমারই জন্য, আর আমিই এর প্রতিদান প্রদান করব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি সিদ্দিকুর রহমান রাজু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. ইউনুছ আলী, অধ্যাপক আবুল বাশার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব এবং উপজেলা ছাত্রশিবিরের নেতা আজিজুল হক। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত অতিথি ও মুসল্লিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Reporter Name 









