
শফিউল আযম, বিশেষ প্রতিবেদক :
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিলকিছ ফাতেমা। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনোয়ার হোসেন এবং বেড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাজেদুল ইসলাম দিপুসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিংশ শতাব্দীর শুরুর দিকে নারীদের শ্রম অধিকার, ভোটাধিকার ও সামাজিক মর্যাদার দাবিতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় আন্তর্জাতিক নারী দিবসের সূচনা হয়। সেই আন্দোলনের ফলেই আজ নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছেন।
বক্তারা আরও বলেন, বর্তমানে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, সাংবাদিকতা ও প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে এখনও অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য, সহিংসতা, বাল্যবিবাহ, শিক্ষা থেকে বঞ্চনা এবং কর্মক্ষেত্রে অসমতার মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু উদযাপনের দিন নয়; বরং নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা এবং নারীর নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করার জন্য নতুন করে অঙ্গীকার করার একটি গুরুত্বপূর্ণ দিন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে সমাজ ও রাষ্ট্র আরও শক্তিশালী হবে এই বার্তাই দিবসটির মূল লক্ষ্য।
Reporter Name 









