
রিয়াজুল হক সাগর, রংপুর:
আখতার হোসেন বলেছেন, উন্নয়নের স্বার্থে দলাদলি নয় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জানান, রংপুর-৪ (কাউনিয়া পীরগাছা) আসনের জনগণের প্রত্যক্ষ সমর্থনে নির্বাচিত হয়ে তিনি দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণে এলাকার সার্বিক উন্নয়ন চান।
মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজেকে বিরোধী দলের সংসদ সদস্য উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের সহযোগিতা থাকলে তা অতিক্রম করা সম্ভব। উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিত উদ্যোগই হবে তার অঙ্গীকার।
তিনি আরও বলেন, গ্রামের সাধারণ মানুষ সরকারি অফিসে এসে অনেক সময় ভীতি ও সংকোচে ভোগেন। নিয়ম-কানুন সম্পর্কে অজ্ঞতার কারণে অনেকেই কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। এ পরিস্থিতিতে কর্মকর্তাদের সহিষ্ণু ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। “সরকারি চাকরির মূল উদ্দেশ্যই জনগণের সেবা। মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, বলেন তিনি।
প্রতিটি সরকারি দপ্তরে সেবাপ্রার্থীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত এবং আগে আসলে আগে সেবা নীতি অনুসরণের নির্দেশ দেন সংসদ সদস্য। জরুরি বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির তাগিদও দেন তিনি।
সভায় জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগ দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরে জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের মাঝে রমজান উপলক্ষে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যমকর্মীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
Reporter Name 



















