
নিজস্ব প্রতিবেদক:
কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সংরক্ষণে কঠোর অবস্থান নিয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী। তার নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার দায়ে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় কৃষিজমির উর্বর মাটি কেটে ট্রাকে ভরার সময় সংশ্লিষ্টদের হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিক শুনানি শেষে দণ্ডাদেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ৪ মাস, ১২ জনকে ২ মাস করে এবং একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৪ জনের বিরুদ্ধে মোট ২৯ মাসের সাজা কার্যকর করা হয়।
অভিযান চলাকালে মাটিভর্তি ৭টি ডাম্প ট্রাক জব্দ করা হয়। এর মধ্যে ৬টির কোনো নম্বরপ্লেট ছিল না বলে প্রশাসন জানিয়েছে, যা অবৈধ কার্যক্রমের বিষয়টি আরও স্পষ্ট করে।
অভিযানে সার্বিক সহযোগিতা করে রায়গঞ্জ থানা পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে
Reporter Name 



















