
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা সরকারি খেলার মাঠ দখলমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী মাঠে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে সাইনবোর্ড টাঙিয়ে মাঠটি সবার জন্য করে দেওয়া হয়।
প্রায় ৬ বিঘা আয়তনের এই মাঠটি নিয়ে সম্প্রতি এলাকায় বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, মাঠটি ভাড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি নিয়ে সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাঠটি দখলমুক্ত করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, থানা পুলিশ ওসি ইমাম জাফরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাঠে টাঙানো সাইনবোর্ডে উল্লেখ করা হয়, জমির মালিক বাংলাদেশ সরকার এবং জেলা প্রশাসনের পক্ষে এটি সংরক্ষিত থাকবে।
ইউএনও আব্দুল খালেক পাটোয়ারী বলেন, সরকারি সম্পত্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকতে পারে না। এই মাঠ ইজারা দেওয়া হবে না। এটি এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা হবে। মাঠটি পুনরুদ্ধার হওয়ায় স্থানীয় ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও মাঠটি সুরক্ষিত রাখার দাবি জানিয়েছেন।
Reporter Name 


















