
সলঙ্গা প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে সিরাজগঞ্জের সলঙ্গা অঞ্চলে।শনিবার সকালে সলঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ছাত্রসমাজ পর্যায়ক্রমে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, সলঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।
Reporter Name 









