
রিয়াজুল হক সাগর, রংপুর
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। এই হ্যাঁ ও না ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ গড়ে উঠবে, সে সিদ্ধান্ত হবে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুরের আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, জুলাই সনদ কেবল কাগজে লেখা কোনো দলিল নয়; এটি জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের ফল। এই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ বলা জরুরি। এখানে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না। জনগণ যদি হ্যাঁ ভোট দেয়, তাহলে কোনো রাজনৈতিক দলের পক্ষেই সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা সম্ভব হবে না। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও দুর্নীতি হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট দিলে এসব অনিয়ম অনেকাংশে বন্ধ হবে এবং জবাবদিহিতামূলক ব্যবস্থা শক্তিশালী হবে।
ভবিষ্যৎ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে যেন আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। গণভোট সেই সচেতনতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















