
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের দিয়ার ধানগড়া মহল্লায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার নিজ বাসভবনের সামনে এ হামলা চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে হঠাৎ করে সাংবাদিকের বাড়ির দিকে দুটি পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরণের ফলে বাড়ির সামনের অংশে আগুন ধরে যায়। এতে পরিবারের সদস্যদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যবশত, এ ঘটনায় কেউ আহত বা দগ্ধ হননি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ঘটনাটিকে সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন স্থানীয় সাংবাদিক নেতারা। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Reporter Name 



















