
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস জানান, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রফিকুল আলম খান। রোববার সকালে সদর উপজেলার ডুমুর গ্রামে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানায়, রোববার বাদ এশা সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।
রফিকুল আলম খান ষাটের দশকে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। প্রখ্যাত সাংবাদিক কেজি মোস্তফা ও ফররুখ শিয়রের অনুপ্রেরণায় তিনি এ পেশায় আসেন। দীর্ঘ ৫৩ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলা, বাংলাদেশ বেতার, প্রথম আলো ও আমার দেশসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন।
এক সময় জেলার সাংবাদিকতা অঙ্গনে তিনি শীর্ষস্থানীয় অবস্থানে ছিলেন। পাশাপাশি তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Reporter Name 



















