
মোঃ আখতার হোসেন হিরন
সিরাজগঞ্জের সলঙ্গায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ৩ নম্বর ধুবিল ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি অফিসার ও ধুবিল ইউনিয়ন পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মোহায়মেনু। এতে নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তাৎপর্য, নির্বাচনী আচরণবিধি, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান, নির্বাচনকালীন বিভ্রান্তি, মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম এবং সহকারী প্রকৌশলী (বিএডিসি) আনন্দ বর্মন।
এ উঠান বৈঠকে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ ধুবিল ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
Reporter Name 



















