
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানে চলমান গণবিক্ষোভকে কেন্দ্র করে দেশটি গুরুতর সংকটের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও অবনতি হলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে।
শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানের জনগণ এমন সব এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে, যা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা কঠিন ছিল। তার ভাষায়, ইরান এখন বড় ধরনের অস্থিরতার মধ্যে রয়েছে। ইরানি নেতৃত্বের উদ্দেশে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, বিক্ষোভ দমনে যেন গুলি চালানো না হয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিরাপত্তা বাহিনী যদি সহিংসতা শুরু করে, তবে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।
তিনি আরও জানান, অতীতের মতো যদি সাধারণ মানুষের বিরুদ্ধে দমন-পীড়ন চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে। তবে এই হস্তক্ষেপের অর্থ দেশটিতে মার্কিন সেনা মোতায়েন নয় বলে স্পষ্ট করেন তিনি। ট্রাম্প বলেন, সম্ভাব্য অভিযানে ইরানের এমন সব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনায় আঘাত হানা হবে, যা দেশটির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Reporter Name 


















