
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি গোয়ালঘর থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম মো. কাজিম উদ্দিন (৪০)। তিনি মৃত সামান আলী শেখের ছেলে এবং উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভোর রাতের কোনো এক সময় নিজ বাড়ির গোয়ালঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন কাজিম উদ্দিন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে আত্মহত্যার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হঠাৎ এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
Reporter Name 



















